শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান এবং পিএসপি গ্রুপের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী।
সভায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী বলেন, দেশের বীমা খাতের ৩৫টি কোম্পানীর মধ্যে তৃতীয় প্রজন্মের কোম্পানিগুলোর মধ্যে পপুলার লাইফ সেরা অবস্থানে রয়েছে। পপুলার লাইফ যেভাবে বীমা দাবি পরিশোধ করছে অনেক কোম্পানী সেভাবে বীমা দাবি পরিশোধ করছে না। বিগত সময়ে কয়েকটি লাইফ বীমা কোম্পানীর হাজার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। যার কারণে কোম্পানীগুলো বীমা দাবি পরিশোধ করতে পারছে না। এর নেতিবাচক প্রভাব আমাদের উপরও পড়ছে। আমরাও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি।
তিনি বলেন, ইতিমধ্যে পপুলার লাইফ সরকারের কোষাগারে ১ হাজার কোটি টাকা রাজস্ব পরিশোধ করেছে। আর গ্রাহকের ৬ হাজার ৩০৮ কোটি ৫১ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এছাড়া, মাদক বিরোধী কর্মকান্ড, ভিটামিন ই-ক্যাম্পিং, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা সামাজিক কর্মকান্ড করে আসছে পপুলার লাইফ ইনস্যুরেন্স।
বিএম ইউসুফ আলী বলেন, আমাদের পরিচালকরা সব সময় বলে থাকেন- আমরা লাভের জন্য কোম্পানী করিনি, আমরা কোম্পানী করেছি দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। তিনি বলেন, আমরা আমাদের পরিচালকদের দেখানো পথ অনুসরণ করেই দেশের জনগনকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পপুলার লাইফের সাথে আমাদের পরিচালকদের সকলের আবেগ জড়িত। তিনি বলেন, কোন বীমা কোম্পানীর সম্পদ যদি না বাড়ে তাহলে সে কোম্পানী দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না। কোম্পানী যত ব্যবসা করুক সম্পদ বাড়তে হবে। কোম্পানীর সম্পদ বাড়ালে আমরা সবাই লাভবান হবে। তিনি বলেন, বীমা কোম্পানীগুলো সামাজিক নিরাপত্তা নিয়ে ছোট ছোট অনেক কাজ করেন। তাদের সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) ফান্ডের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে বীমা কোম্পানীগুলোর এই অর্থ এমন জনগুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করা প্রয়োজন যাতে দেশ ও জনগণ উপকৃত হয়। যা কোম্পানীগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিবে।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স গঠনের পরিকল্পনা এসেছিলো পিপলস ইনস্যুরেন্স কোম্পানি থেকে। ১৯৮৫ সালের দিকে পিপলস ইনস্যুরেন্সের প্রথম মিটিং হয়েছিলো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায়। পিপলস ইনস্যুরেন্সের যে কয়েকজন পরিচালক ছিলেন তাদেরকে নিয়ে পরবর্তীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স প্রতিষ্ঠিত হয়।