শিরোনাম:

৭ নভেম্বর থেকে সেনা কল্যাণ ইনস্যুরেন্সের লেনদেন শুরু

নিজস্ব রিপোর্ট নভেম্বর ০৩, ২০২১


নিজস্ব রিপোর্টঃ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করা সেনা কল্যাণ ইনস্যুরেন্সের শেয়ার লেনদেনের তারিখ ঘোষণা করা হয়েছে। উভয় শেয়ারবাজারে কোম্পানীর লেনদেন ৭ নভেম্বর (রোববার) থেকে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ডিএসই ও সিএসইতে কোম্পানীর ট্রেডিং কোড হলো- ‘SKICL’। কোম্পানীর আইপিওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দকৃত শেয়ার মঙ্গলবার (২ নভেম্বর) জমা দেওয়া হয়েছে। এর আগে গত ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত কোম্পানীর আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

এর আগে গত ১১ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৮৬তম সভায় কোম্পানীর আইপিও অনুমোদন দেয়। সেনা কল্যাণ ইনস্যুরেন্স শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে। সংগ্রহকৃত অর্থ দিয়ে কোম্পানী সরকারী সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানীর ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা, পুনঃমূল্যায়ণ ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.০৯ টাকা এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে মুনাফা হয়েছে ২.৬৫ টাকা। আইপিওতে কোম্পানীর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।