শিরোনাম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস ও তাঁর পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ১৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্য সদস্যদের মধ্যে আছেন তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ, কন্যা ও জামাতা। দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত গত বৃহস্পতিবার এ মামলা করেন বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো: আখতারুল ইসলাম।
মোস্তফা গোলাম কুদ্দুসের পাশাপাশি মামলার আসামিরা হলেন মোস্তফা গোলাম কুদ্দুসের স্ত্রী ও কোম্পানির পরিচালক ফজলুতুন নেসা, মেয়ে ফৌজিয়া কামরুন তানিয়া, ছেলে মোস্তফা কামরুস সোবহান, পুত্রবধূ শাফিয়া সোবহান চৌধুরী ও আরেক মেয়ে তাসনিয়া কামরুন আনিকা। এ ছয়জনের বাইরে মামলার অন্য দুই আসামি হচ্ছেন কোম্পানির সদ্য বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমান ও পদত্যাগকারী পরিচালক নূর-ই-হাফজা।
এর আগে গত এপ্রিলে নিরীক্ষাকারী প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে মোস্তফা গোলাম কুদ্দুসসহ তাঁর পরিবারের সদস্যদের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে। মোস্তফা গোলাম কুদ্দুস পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি। তাঁর ছক অনুযায়ীই সোনালী লাইফের তহবিল তছরুপের অভিযোগ উঠলে গত ৩১ ডিসেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) হুদা ভাসিকে নিরীক্ষক নিয়োগ করে।