শিরোনাম:

সেনা কল্যাণ ইনস্যুরেন্সের আইপিও আবেদন ৩ অক্টোবর

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ০১, ২০২১


পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করার অনুমোদন পাওয়া সেনা কল্যাণ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। যা ৮ অক্টোবর পর্যন্ত চলবে। কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১১ আগস্ট বিএসইসির ৭৮৬তম কমিশন সভায় কোম্পানীর আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানী শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানী ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে।

কোম্পানী পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, মেয়াদি আমানত (Fixed Deposit), শেয়ারবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানীর শেয়ার প্রতি আয় বা ইপিএস ৩ টাকা ৯৩ পয়সা। আর গত পাঁচ বছরের গড় ইপিএস ২ টাকা ৬৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানী শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৯ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া)।

কোম্পানীর ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।