শিরোনাম:
বীমা সেক্টরের সকল কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।
বিআইএ’র কনফারেন্স রুমে আগামী ১৮ মার্চ (সোমবার) সকাল ১১টায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে, বলে বিআইএ'র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার থেকে জানা যায়।
এ সংক্রান্ত একটি চিঠি ১২ মার্চ বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের পাঠানো হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রস্তুত করা ৪টি বিধি, প্রবিধান ও গাইডলাইনের খসড়ার ওপর আলোচনা করা হবে ইনস্যুরেন্স এসোসিয়েশনের এ বৈঠকে।
এ ছাড়াও সংগঠনের বিবিধ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আলোচনার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত খসড়া বিধি-প্রবিধানগুলো হলো- বীমা দাবি ব্যবস্থাপনা পদ্ধতি গাইডলাইন; রিস্ক বেইজড সুপারভিশন গাইডলাইন, ইসলামী বীমা বিধিমালা, ২০২৪; এবং বীমাকারী রাজস্ব, লাভ-ক্ষতির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা, ২০২৪।
উল্লেখিত খসড়া বিধি-প্রবিধানগুলোর বিষয়ে সংশ্লিষ্ট লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মতামতসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বিআইএ’র চিঠিতে।