শিরোনাম:

মানিকগঞ্জে ন্যাশনাল লাইফের তাকাফুল সম্মেলন, ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ০৬, ২০২৬


দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স মানিকগঞ্জে আয়োজিত তাকাফুল সম্মেলনে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

গত ৩ নভেম্বর ২০২৬ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় ইমাম, আলেম ও উলামাদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। প্রধান বক্তা হিসেবে ইসলামী তাকাফুলের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ ইসলামে বীমার অবস্থান ও গুরুত্ব তুলে ধরেন।

কোম্পানির ডিএমডি বাহার উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইভিপি মনির আহমেদ এবং ইসলামী তাকাফুলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও জিএম হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ধামরাই এরিয়ার মনিটরিং ইনচার্জ মো. ইসমাইল, সিঙ্গাইর জোন প্রধান জি এম কামাল, মানিকগঞ্জ জোন প্রধান ও মনিটরিং ইনচার্জ মো. আবদুল হাকিম, পোস্তগোলা জোন প্রধান মো. কামাল হোসেন, মীর হাজারীবাগ জোন প্রধান ও মনিটরিং ইনচার্জ হুমায়ুন কবির, মতিঝিল জোন প্রধান সুমন্ত চন্দ্র শিকদার এবং ঝিটকা জোন প্রধান মো. নবাব আলী মোল্লা।

সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের হাতে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবির চেক তুলে দেন। পরে তিনি সফল বীমাকর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, “আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। ন্যাশনাল লাইফ ইসলামী বিধিবিধান অনুসরণ করে তাকাফুল বীমা পরিচালনা করে আসছে। ফলে মানুষের মধ্যে ন্যাশনাল লাইফের ইসলামী বীমার প্রতি আগ্রহ বাড়ছে।”