শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: দেশে বীমা পেশা এখন আগের তুলনায় অনেক বেশি মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। তিনি বলেন, একসময় অবহেলিত হিসেবে বিবেচিত এই পেশা বর্তমানে সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
কক্সবাজার শহরের হোটেল লংবিচে আয়োজিত ‘হাই পারফরম্যান্স ম্যানেজারস কনফারেন্স’ ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়।
কাজিম উদ্দিন বলেন, বীমা একটি স্বাধীন ও সেবাধর্মী পেশা, যেখানে আয়ের পাশাপাশি ব্যক্তিগত উন্নয়নেরও ব্যাপক সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, ন্যাশনাল লাইফের কর্মকর্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারছেন।
তিনি আরও বলেন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং যথাযথ অনুপ্রেরণাই ব্যবসায়িক সাফল্যের মূল চালিকাশক্তি। বীমা খাত যেমন গ্রাহকের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি এই খাত সংশ্লিষ্টদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির আহমদ ও মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে বীমা খাতের উন্নয়ন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।