শিরোনাম:

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ৪ সদস্যের পদত্যাগ

নিজস্ব রিপোর্ট নভেম্বর ০৭, ২০২৪


বিশেষ প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ৪ সদস্য পদত্যাগ ৭ নভেম্বর  পদত্যাগ করেছেন। কারও মেয়াদই স্বাভাবিকভাবে শেষ হয়নি। দুজনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা আরও সাত মাস পর। একজনের চুক্তি শেষ হতে বাকি ছিল দেড় বছর। আরেকজন যোগই দিলেন চলতি পঞ্জিকাবর্ষের জানুয়ারিতে, যাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে। মেয়াদের আগেই তাঁরা আজ পদত্যাগ করেছেন।
এবিষয়ে জানতে চাইলে আইডিআরএর চেয়ারম্যান এম আসলাম আলম বলেন, চার সদস্য আজ পদত্যাগ করেছেন।
এই চারজন হলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চার সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য, মো: দলিল উদ্দিন, মো: নজরুল ইসলাম ও কামরুল হাসান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব নাজমা মোবারেকের এক ফোনেই তাঁদের চাকরি শেষ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল চারটায় তাঁরা পদত্যাগ করেছেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আড়াই মাস সচিব ছিলেন না। ফাঁকা ছিল এই পদ। দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব থেকে নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে গত ৩০ অক্টোবর বদলির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রগুলো জানায়, পরদিন ৩১ অক্টোবর যোগ দিয়েই নাজমা মোবারেক আগের মন্ত্রণালয়ে বিদায় সংবর্ধনা নিতে যান। ২ নভেম্বর থেকে তিনি মূলত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিব হিসেবে নিয়মিত অফিস শুরু করেন।
এর তিন দিনের মাথায় ৬ নভেম্বর তিনি নিজেই একে একে ফোন করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চার সদস্যকে। ফোনে তিনি সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে তাঁদের পদত্যাগ করতে বলেন। এমন কথাও বলেন, ‘যত দ্রুত সম্ভব।’ সেই ফোনের এক দিনের মাথায় আজ আইডিআরএ চেয়ারম্যানের কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।
ফোন করে পদত্যাগ করানোর উদাহরণ আইডিআরএতে আগেও ছিল। যেমন গত ৬ সেপ্টেম্বর পদত্যাগ করেন সংস্থাটির আগের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। জয়নুল বারীকেও ৯ মাস বাকি থাকতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তার আগের চেয়ারম্যান এম মোশারফ হোসেনও নির্ধারিত তিন বছরের মেয়াদ পার করে যেতে পারেননি। নিয়োগ পাওয়ার ১৫ মাসের মাথায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৎকালীন সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর উদ্যোগে পদত্যাগ করেছিলেন তিনি।
সূত্রগুলো জানায়, বিশ্বজিৎ ভট্টাচার্য আইডিআরএতে সদস্য হিসেবে যোগ দেন চলতি বছরের ৩১ জানুয়ারি। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৩০ জানুয়ারি। তিনি ছিলেন (সদস্য) প্রশাসন। তিন বছরের জন্য নজরুল ইসলাম (সদস্য নন–লাইফ) ও কামরুল হাসান (লাইফ) কাছাকাছি সময়ে সংস্থাটিতে যোগ দেন।