শিরোনাম:
নিজস্ব রিপোটঃ ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত পত্র কোম্পানীকে পাঠিয়েছে।
পত্রে আইডিআরএ আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ মুখ্য নির্বাহী নিয়োগের নির্দেশ দিয়েছে এবং এই তিন মাস কোম্পানীর মুখ্য নির্বাহীর অব্যবহিত পরের পদের ব্যক্তিকে মুখ্য নির্বাহীর পদে চলতি দায়িত্ব প্রদান করার কথা বলা হয়েছে। এছাড়াও পত্রে কোম্পানী পরিচালনার ক্ষেত্রে অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম, পলিসি গ্রাহক এবং কোম্পানীর স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ড কর্তৃপক্ষের নজরে আসার কথাও উল্লেখ করা হয়েছে ।
আইডিআরএ পরিচালক শাহ আলম স্বাক্ষরিত পত্রে বলা হয়, বীমা আইন ২০১০ এর ৫০ ধারা মোতাবেক বীমা পলিসি গ্রাহকের স্বার্থ নিশ্চিত করতে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহকে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে অপসারণ করা হয়েছে। অপর একটি নির্ভরশীল সূত্রে জানাযায় মোহাম্মদ হেমায়েত উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে। সূত্র মতে হেমায়েত উল্লাহ যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য নবগঠিত পরিচালনা পর্ষদ তার পাসপোর্ট আটক করেছে।