শিরোনাম:
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বুধবার (২৬ নভেম্বর)২৫তম বার্ষিকী পালন করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রাক্তন বাণিজ্যমন্ত্রী এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি পপুলার লাইফ ইন্স্যরেন্স পিএলসি নাম ঘোষণা করে। অনুষ্ঠানে ‘প্রেরণা’ শিরোনামে কোম্পানির বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এতে পপুলার লাইফের ২৫ বছরের যাত্রাপথ, আর্থিক সাফল্য, সাংগঠনিক উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিটি প্রতিষ্ঠানের সাফল্যের গল্পকে আরও জীবন্তভাবে উপস্থাপন করে।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ শুধু একটি বীমা প্রতিষ্ঠান নয়- এটি দেশের সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। গত দুই দশকে প্রতিষ্ঠানটি প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা শুধু আর্থিক নয় সামগ্রিক সামাজিক স্থিতিশীলতাতেও ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন, কোম্পানিটি দীর্ঘদিন ধরে ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে ‘ট্রিপল এ’ অবস্থান ধরে রেখেছে, যা তাদের আর্থিক শক্তি এবং গ্রাহকের দাবি পরিশোধের সক্ষমতার দৃঢ় প্রমাণ।