শিরোনাম:

দ্বিতীয় প্রান্তিকে নিটল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে

নিজস্ব রিপোর্ট জুলাই ৩১, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী নিটল ইন্স্যুরেন্স লিমিটেড চলতি ২০২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল-জুন ২০২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানীর শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। কোম্পানীর আর্থিক প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানীর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। যা গত বছরের দ্বিতীয় প্রান্তিকে হয়েছিল ৭৪ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানীর মুনাফা ১ পয়সা কমেছে। অন্যদিকে চলতি হিসাব বছরের ছয় মাসে জানুয়ারী-জুন ২০২১ কোম্পানীর ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৫ পয়সা। সে হিসাবে ছয় মাসে কোম্পানীর শেয়ারপ্রতি মুনাফা ১৮ পয়সা কমেছে। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানীর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানীর ইপিএস ছিল ৩ টাকা ২২ পয়সা। এ হিসাবে সদ্যসমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস কমেছে ৩৮ পয়সা বা ১২ শতাংশ। ৩১ ডিসেম্বর কোম্পানীর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৮৯ পয়সা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় নিটল ইন্স্যুরেন্স। ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। সে বছর কোম্পানীর ইপিএস ছিল ২ টাকা ৯৬ পয়সা।