শিরোনাম:

জিডিপিতে বীমার অবদান বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করবে ন্যাশনাল লাইফ : মোরশেদ আলম এমপি 

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১১, ২০২৪


দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দেশ বরেণ্য শিল্পপতি আলহাজ্ব মোরশেদ আলমকে সংবর্ধনা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী। আজ প্রধান কার্যালয়ে কোম্পানীর সকল স্তরের কর্মকর্তা তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ সহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ মোরশেদ আলমের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এসময় কর্মকর্তারা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানায়। ন্যাশনাল লাইফের চেয়ারম্যান জনাব মোরশেদ আলম তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ।

সংবর্ধনার জবাবে মোরশেদ আলম এমপি বলেন সবাই মিলে ন্যাশনাল লাইফকে আরো এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশে জীবন বীমার অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে জীবন বীমা খাতকে এগিয়ে নিতে হবে। যাতে জিডিপিতে বীমার অবদান বাড়ে। ন্যাশনাল লাইফ এতে অগ্রণী ভূমিকা পালন করবে। 
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সময়ে বীমা শিল্পের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বীমা আগামীতে আরো এগিয়ে যাবে।