শিরোনাম:
পুঁজিবাজারের তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসি সূত্র জানায়, তদন্ত কমিটি কোম্পনীটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখবে। এছাড়া কোম্পানীর শেয়ার লেনদেনে কোন ধরণের আইন লঙ্ঘন হয়েছে কি-না তাও খতিয়ে দেখা হবে। জানা গেছে, রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি ডেল্টা লাইফের বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছে। যথাযথ আইন অনুসরণ করে আইসিবি এই শেয়ার বিক্রি করেছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটি।
উল্লখ্য, গত ২৩ জুন ডেল্টা লাইফের প্রতিটি শেয়ারের দর ছিল ১০৩.৩ টাকা। এর মাঝে দর বেড়ে হয় আর ৩০ জুন পর্যন্ত কোম্পানীটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকা ৩০ পয়সা। ৭ জুলাই কোম্পানীর শেয়ারের ক্লোজিং দর ছিলো ১৪৪ টাকা। ১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানীটি বর্তমানে এ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানীর শেয়ারের ৩৬ দশমিক ৬৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৩ দশমিক ১৯ শতাংশ। বিদেশি বিনিয়োগকারীদের কাছে আছে দশমিক ৪৪ শতাংশ আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৩৯ দশমিক ৭৩ শতাংশ।