শিরোনাম:
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ২৬ নভেম্বর সাগর কন্যা কুয়াকাটায় কর্মী সম্মেলন, পুরস্কার বিতরণ ও এক কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। কুয়াকাটা পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত বীমা দাবীর চেক বিতরণ করেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মোঃ নজরুল ইসলাম, সদস্য কামরুল হাসান। অনুষ্ঠানে কোম্পানী উর্ধ্বতন নির্বাহীবৃন্দ বক্তব্য রাখেন। প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগীতায় বিজয়ী বরিশাল ও খুলনা এরিয়ার প্রায় এক হাজার উন্নয়ন কর্মী সম্মেলনে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন বীমা শিল্পের গৌরবময় ইতিহাস রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা শিল্পের সাথে জড়িত ছিলেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী বীমা শিল্পের উন্নয়নে জাতীয় বীমা দিবস ঘোষণা করেন এবং বীমা দিবসকে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করেছেন।
তিনি আরো বলেন বীমা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এ ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করছে। পরে তিনি কোম্পানীর সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারী এরিয়া প্রধান মোঃ বাহার উদ্দিন মজুমদারকে গোল্ড মেডেল পরিয়ে দেন।