শিরোনাম:
মহামারী করোনাকালে ইন্দোনেশিয়ার জনগনের মধ্যে স্বাস্থ্য বীমার প্রতি আগ্রহ বেড়েছে। ফলে দেশটিতে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে। গত বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্বাস্থ্য বীমা খাতে প্রিমিয়াম আয় বেড়েছে ৪৬ মিলিয়ন মার্কিন ডলার বা ০.৬৭ ট্রিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া। ফিনান্সিয়াল সার্ভিসেস অথরিটি (ওজেকে)’র তথ্য অনুসারে, ২০২১ সালের প্রথম পাঁচ মাসে দেশটির স্বাস্থ্য বীমা খাতে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৯.৫৩ ট্রিলিয়ন রুপিয়া। ২০২০ সালের একই সময়ে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম সংগ্রহ ছিল ৬০৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৮.৮৬ ট্রিলিয়ন রুপিয়া। সে হিসাবে চলতি বছর প্রবৃদ্ধি হয়েছে ৭.৫ শতাংশ। ওজেকে’র নন-ব্যাংক আর্থিক শিল্প তদারকির প্রধান নির্বাহী রিসউনান্দির ভাষ্যমতে, মহামারী করোনা পরিস্থিতিতে দেশটির বীমাখাতে একধরণের গতিবেগ সঞ্চারিত হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে সুরক্ষা প্রদানকারী পণ্য হিসেবে বীমার গুরুত্বের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।