শিরোনাম:
টেকসই এবং উদ্ভাবনী পণ্য ও সেবা বাজারে আনার মাধ্যমে মানুষের জীবনযাপনকে আরও সহজ ও উন্নত করতে বীমা কোম্পানীগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সিনিয়র সহসভাপতি মো: আমিন হেলালী।
১৬ মার্চ এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে জাপানের বীমা কোম্পানী ওয়ারেন্টি ইনকরপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানান তিনি।
মো: আমিন হেলালী বলেন, টেকসই এবং উদ্ভাবনী পণ্য ও সেবা বাজারে আনার মাধ্যমে মানুষের জীবনযাপনকে আরও সহজ ও উন্নত করতে বীমা কোম্পানীগুলোকে এগিয়ে আসতে হবে। এর মাধ্যমে গ্রাহক ও বীমা প্রতিষ্ঠান উভয়ই ব্যাপকভাবে লাভবান হবে।
বাংলাদেশের অর্থনীতির আকার দ্রুত বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, দিন দিন মানুষের জীবনযাপনেও পরিবর্তন আসছে। দেশে জাপানের মতো নিত্যনতুন এবং উদ্ভাবনী বিমাপণ্য ও সেবা বাজারে নিয়ে আসতে পারলে মানুষ বীমা করতে আগ্রহী হবে।
বাংলাদেশে স্বাস্থ্য বীমা এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে উল্লেখ করে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি বলেন, বীমা নিষ্পতির দীর্ঘসূত্রতা ও জটিলতা, জনসচেতনতার অভাব এবং আস্থার সংকট এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ। দেশি-বিদেশি যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের বিমা খাতের টেকসই উন্নয়ন সম্ভব।
জাপানের ওয়ারেন্টি ইনকরপোরেশন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুক সোনো, এফবিসিসিআই পরিচালক হাফেজ হাজী হারুন-অর-রশীদ, মো. নিয়াজ আলী চিশতি, মহাসচিব মো: আলমগীর প্রমুখ আরও উপস্থিত ছিলেন এ সময়।