শিরোনাম:

ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের নতুন নেতৃত্বে গোলাম মওলা ও গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক মে ০৪, ২০২৬


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বীমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) এবং সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)-এর অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সভাপতি পদে গোলাম মওলা ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রহিম শেখ (রূপালী বাংলাদেশ) পান ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন ২৮ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম আলী (কালবেলা) পান ১৮ ভোট।

অর্থ সম্পাদক পদে আব্দুর রহমান আবির (ইন্স্যুরেন্স নিউজ বিডি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একইভাবে সহ-সভাপতি পদে আমাদের অর্থনীতির মাসুদ মিয়া এবং যুগ্ম সম্পাদক পদে রাইজিং বিডির নাজমুল ইসলাম ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের শাহ আলম নূর (৩২ ভোট) এবং আরটিএনএন-এর আজিবুল হক পার্থ (২৯ ভোট)।

নির্বাচন পরিচালনা করেন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। কমিশনের প্রধান ছিলেন দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল ইসলাম। অন্য দুই সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া এবং সিএমজেএফ সভাপতি মনির হোসেন।

নতুন কমিটি ২০২৬ থেকে ২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।