শিরোনাম:
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাথে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সকালে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সভা কক্ষ-১ এ উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে সভায় কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালক ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের নেতৃত্বে এসোসিয়েশনের নির্বাহী কমিটির ১৯ সদস্য সভায় যোগ দেন।
সভায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বীমা শিল্পের সাম্প্রতিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, বীমা শিল্পে বিরাজিত বিভিন্ন সমস্যা দূরীকরণে বীমা কোম্পানীসমূহের সদিচ্ছা ও আইন বিধি-প্রবিধানসহ সিস্টেম অনুসরণের কোন বিকল্প নেই। সেই সাথে বীমা কোম্পানীসমূহ নিজ নিজ কোম্পানীতে গবেষণা ও উন্নয়ন সেল স্থাপন করে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে গবেষণা করে বীমা শিল্পের সমৃদ্ধির ব্যাপারে ভূমিকা রাখতে পারে। অপরদিকে, বীমা শিল্পে বিভিন্ন অভিযোগ ও সমস্যা রয়েছে এবং তা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বিআইএ’র সম্মিলিত প্রচেষ্টায় দুরীকরণের উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরো বলেন, বীমা খাতের সামগ্রিক উন্নয়ন, তত্ত্বাবধান, পরিবীক্ষণ সহ সামগ্রিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্তৃপক্ষের জনবল স্বল্পতা রয়েছে। তারপরও যে সকল কমপ্লায়েন্স ইস্যু রয়েছে তা শতভাগ নিশ্চিতকরণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। তবে এ খাতে বিরাজিত সমস্যা দূরীকরণে বিআইএ'র সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় বিআই'র সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য মাফুজুর রহমান মিতা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক পিএসসি (অবঃ), কর্ণফুলী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুছ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী প্রমুখ।